সিটিনিউজবিডি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় খালেদা জিয়া বলেন, আমাদের জাতীয় জীবনে ২৬ মার্চ এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন স্বত্তা ফুটে উঠেছিল। এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি আমি স্বাধীনতা যুদ্ধের সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতার ঘোষক প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। স্মরণ করি সে সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, যাদের নয় মাস জীবন মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।
দিনটি উপলক্ষে খালেদা জিয়া দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ’র দরবারে দোয়া করেন।

Comments are closed.