তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনি লড়াই করবে বিএনপি

সিটিনিউজবিডি :দেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, ইন্টারপোল থেকে তার নাম প্রত্যাহারের পর এখন এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে বিএনপি।

রোববার দুপুর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইন্টারপোলের তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ দেওয়ার পরে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

মির্জা ফখরুল বলেন, এখন আমাদের জন্য বিষয়টি সহজ হয়েছে। কারণ কোর্ট থেকে যে রায় দিয়েছিল, তা এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে। সুতরাং এই বিষয়টি নিয়ে এখন আবার আইনি লড়াই করব।

গত বছরের ৭ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যতদিন আইনের দৃষ্টিতে ‘পলাতক’ থাকবেন, ততদিন তার কোনো বক্তব্য, বিবৃতি সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত।

এরপর থেকে দেশের কোনো গণমাধ্যমে তার বক্তব্য প্রচার হচ্ছেনা।

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে জানান, ‘তারেক রহমান সম্পর্কে ইন্টারপোলে সরকারের সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটাবেজ থেকে সব তথ্য মুছে ফেলা হয়েছে। গত ১৪ মার্চ কমিশন ফর দ্যা কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর পক্ষ থেকে লন্ডনের লিগ্যাল ফার্ম লন্ডনিয়াম সলিসিটর্স ফার্মকে লিখিতভাবে ইন্টারপোলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।’

তিনি জানান, ‘চিঠিতে লেখা হয়েছে, ফ্রান্সে ইন্টারপোলের হেড কোয়ার্টার্সে কমিশন ফর দ্যা কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, কোনোভাবেই তার নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না। এরপরই ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেওয়া সব তথ্য মুছে ফেলা হয়েছে বলেও চিঠিতে জানায়।’

ইন্টারপোল বিভিন্ন দেশে অবস্থিত তাদের সব সার্ভার ও ডাটাবেজ থেকেও এই তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরে আসবেন এবং মামলা এক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা যখন বলবেন, তখনই তিনি দেশে ফিরে আসবেন। তিনি রাজনৈতিক নেতা, সুতরাং মামলা কোনো সমস্যা নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দফতর সহ সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.