ঢাকা : অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য আগামী ৪ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।।
২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করা হয়। এ মামলায় তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।
বুধবার হাই কোর্টের আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, তারেক রহমানের আত্মসমর্পণের নোটিশ তার লন্ডনের ঠিকানায় পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। আইনের দৃষ্টিতে তিনি পলাতক।
২০ কোটি টাকা ঘুষ গ্রহণ ও পরে তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার একটি আদালত ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে খালাস দেন।
ওই রায়ে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি জরিমানা করা হয়।
পরে তারেক রহমানকে দেওয়া খালাস চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে দুদক। গত বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন ও সমন জারি করেন।

Comments are closed.