চট্টগ্রাম অফিস : ইন্দোনেশিয়া থেকে কেনা ১৫০ বগির প্রথম চালানের ১৫টি বগি রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় পৌঁছেছে। বন্দরে খালাস হওয়ার পর রোববার সকালে বগিগুলো পাহাড়তলীতে আনা হয়।
আজ (১০ এপ্রিল) বিকেলে নতুন বগিগুলো পরিদর্শনে যাচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.মকবুল আহাম্মদ। এসময় প্রকল্প পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৫০টি বগির মধ্যে একশ’টি ঢাকা-চট্টগ্রামসহ রেলওয়ের পূর্বাঞ্চলে এবং বাকি পঞ্চাশটি পাকশী ডিভিশনের খুলনা অঞ্চলে চলাচল করবে। প্রায় পৌঁনে চারশ’ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে এসব বগি সংগ্রহ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাদিয়ানের এই প্রতিষ্ঠানটিকে আগামী আগস্ট মাসের মধ্যে বাকি বগিগুলো সরবরাহ দেয়ার কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুয়ায়ী প্রথম চালানের ১৫টি বগি নিয়ে এমভি সিও প্রিং নামের একটি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে বার্থিং নেয়। শনিবার সকাল থেকে বগিগুলো খালাস হয়।
কিছুদিনের মধ্যেই নতুন বগিগুলো ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে সংযোজন করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। সূত্র জানায়, দশটি জাহাজের মাধ্যমে আগামী আগস্টের মধ্যে বগির চালান পুরোপুরি দেশে পৌঁছবে।

Comments are closed.