রাঙামাটিতে বর্ণিল সাংগ্রাই উৎসব

জিয়াউল হক, রাঙামাটি : সাংগ্রাইয়ে একে-অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সকল দুঃখ, অবসাদ দুর করে নতুন বছরে শুদ্ধ মননে জীবন শুরুর প্রত্যয় ব্যক্ত করলেন পার্বত্যাঞ্চলের মারমা জনগোষ্ঠী। বৈসাবিতে শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধমন্দির মাঠে পার্বত্যাঞ্চলের মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি বা পানি উৎসব অনুষ্ঠিত হয়।

মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) আয়োজিত জলকেলিতে এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সদস্য কাজি ফিরোজ রশিদ, এমপি।

রাঙামাটি মাসাস’র সভাপতি অংসুইছাইন চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতাব্বর, রাঙামাটি পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কাজি ফিরোজ রশিদ বলেন, পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান উৎসব জল খেলা। যেখানে শুধু মারমা সম্প্রদায়ের লোকেরা নয় সকল জনগোষ্ঠির উৎসবে রূপান্তরিত হয়েছে। আমারা বুঝি ধর্ম যার যার উৎসব হবে সাবার। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়–ক। তিনি আরো বলেন, আমি অনেক আগে পার্বত্য অঞ্চল ঘুরেছি গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। এই পরিবর্তনের মূলে পার্বত্য শান্তি চুক্তি। এই চুক্তি না হলে এই এলাকায় উন্নয়ন কোন ভাবে সম্ভব ছিল না।

আলোচনা সভা শেষে অতিথিগণ ঘণ্টা বাজিয়ে জলকেলি উদ্বোধন করেন। এরপর সকলে একে-অপরের গায়ে পানি ছিটিয়ে সকল অবসাদ দূর করে দেয়। জলকেলি অনুষ্ঠানের পর মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহি গান ও নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত কয়েক হাজার মারমা নারী-পুরুষ একে-অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব পালন করতে থাকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.