গাজীপুরে মেম্বার প্রার্থীকে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেন নামে এক ইউপি মেম্বার প্রার্থী খুন হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের জাবেদ আলী খন্দকারের ছেলে। তিনি প্রহলাদপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তির জানাজা নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি আমুনা বনকরা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলায় করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছিল প্রতিপক্ষ। তাদের হামলাতেই তার স্বামী খুন হয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.