নৌযান ধর্মঘট প্রত্যাহার নিয়ে দুপুরে বৈঠক

ঢাকা : আজ (মঙ্গলবার) নৌযান ধর্মঘট প্রত্যাহার নিয়ে বৈঠকে বসছে মালিক-শ্রমিক প্রতিনিধিরা। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে দুপুর দেড়টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে শেষে সংবাদ সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি জানাবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌযান ধর্মঘট নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, যেসব সংগঠনের শ্রমিকরা ধর্মঘট নিয়ে অনড় রয়েছে তাদের বিষয়ে একটা সুষ্ঠু সমাধান হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সমস্যার সমাধান আজ হতে পারে ।

এদিকে ধর্মঘটের মধ্যেও যাত্রীবাহী নৌযান চলছে সীমিত পরিসরে। মালবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনের বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইতোমধ্যে গত ২৪ এপ্রিল রাতে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের ১৩ দফা দাবির তিন দফা মেনে নিয়েছে বাংলাদেশ ইঞ্জিন অ্যান্ড বাল্কহেড বোট ওনার্স অ্যাসোসিয়েশন। দাবিগুলো হচ্ছে লস্কর-বাবুর্চিস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৭ হাজার টাকা, সুকানিদের বেতন ৯ হাজার টাকা, তৃতীয় শ্রেণির মাস্টার-ড্রাইভারদের সর্বনিম্ন বেতন সাড়ে ১০ হাজার ৫০০ টাকা, ড্রেজারের পান মিস্ত্রির বেতন ১২ হাজার টাকা এবং কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে এককালীন দুই লাখ টাকা ও দাফন-কাফনের সব খরচ বহন করবে বাল্কহেড বোট মালিকরা।

এ ছাড়া শ্রম আইন অনুযায়ী, চাকরিতে যোগদানের পর তিন মাস অস্থায়ী এবং পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে মালিকপক্ষ। জাহাজি নৌ শ্রমিকদের ধর্মঘট গড়িয়েছে ধর্মঘটের ৬ষ্ঠ দিনে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.