ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পীরবাড়ি এলাকায় বাহার উদ্দিন (৪৫) নামে সাবেক এক সেনা সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বাহার উদ্দিনের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসী ও সদর থানা পুলিশের সূত্রে জানাযায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পীরবাড়ির মিন্দে আলী বাড়ির পাশের রাস্তায় তাকে গলা কেটে হত্যা করা হয়। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে এনে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আটক মামুন জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে।
ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

Comments are closed.