খেলাধুলা : আইসিসির সভায় যোগ দিতে গিয়ে অদ্ভুত এক প্রশ্নের মুখোমুখি হতে হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ডেভিড পিভারের কৌতূহল ভাবে বলে ওঠেন, ‘এই ছেলেকে তোমরা কোথায় খুঁজে পেলে?’ খেলার মাঠ থেকে আইসিসির সভার টেবিল—সর্বত্রই এখন উচ্চারিত হচ্ছে নামটা।
ছেলেটা কে, বুঝতে পারছেন? মুস্তাফিজুর রহমান। সবারই কৌতূহলের কেন্দ্রে বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে ইংলিশ কাউন্টিতে মুস্তাফিজ খেলতে যাবেন সাসেক্সের হয়ে। এরপর হয়তো আসবে আরও অনেক ডাক। তবে ক্যারিয়ারের শুরুতেই মাত্রাতিরিক্ত খেলার চাপে মুস্তাফিজ যদি ভেঙে পড়েন! সে কারণেই তাঁর ব্যাপারে সতর্ক হওয়ার চিন্তাভাবনা করছে বিসিবি।
নিজের ধানমন্ডির এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ‘মুস্তাফিজকে এসব জায়গায় খেলতে পাঠাতে হলে, বোর্ড থেকে কিছু শর্ত থাকবে। যেমন আমরা চাই না বাইরে গিয়ে সে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলুক। ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা ঠিক আছে। ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। যেমন এক দিন পর পর খেলানো…বা এ ধরনেরই কিছু চিন্তা করছি। আমরা চাই না, আমাদের এই সম্পদ ইনজুরি বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যাক।’ বাঁ হাতের মাংসপেশির সমস্যার কারণে ক্যারিয়ারের শুরুতে জেগেছে চোটের শঙ্কাও। তাঁর ফিটনেস নিয়ে তাই আগে থেকেই চিন্তিত বিসিবি। ‘মুস্তাফিজকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে বিরাট সম্পদ। সে জন্য যেভাবে সম্ভব, আমরা তাকে রক্ষা করব।’

Comments are closed.