আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত বিখ্যাত প্রসাধন ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনকে ৫ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ ও জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন এক নারী বিগত কয়েক বছর ধরে এই ব্র্যান্ডের ট্যালকম পাউডার ব্যবহার করে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মামলা করায় মার্কিন আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে।
ক্যান্সারে আক্রান্ত গ্লোরিয়া রিস্টেসান্ড গত কয়েক দশক ধরে তার যৌনাঙ্গে জনসন অ্যান্ড জনসনের ট্যালকভিত্তিক বিভিন্ন পাউডার ব্যাবহার করতেন। আর এই ব্যবহৃত পাউডারগুলোর মধ্যে যেমন শিশুদের জন্য ব্যবহৃত বেবি পাউডার ছিল, তেমনি ছিল প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত ‘শাওয়ার টু শাওয়ার’ পাউডার।
যদিও এই প্রসাধন কোম্পানিটির বিরুদ্ধে এই প্রথমই মামলা হয়েছে তা নয়। জনজন অ্যান্ড জনসনের উৎপাদিত পণ্যে ব্যবহৃত উপাদানে ক্যান্সার হতে পারে এমন সতর্কতা না থাকায় ইতোমধ্যেই কোম্পানিটির বিরুদ্ধে সহস্রাধিক মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সাধারণ মানুষ এই মামলা করছে। আর গ্লোরিয়ার রিস্টেসান্ডের মামলাটি ছিল এক্ষেত্রে দ্বিতীয়। প্রথম মামলাটি থেকে কোম্পানিটি মুক্তি পেলেও, দ্বিতীয় মামলাতেই ধরাশায়ি জে অ্যান্ড জে। গত তিন সপ্তাহ থরে বিচার কার্যক্রম চলার পর এই সিদ্ধান্ত দিয়েছে মিসৌরির এক আদালত।
তবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মামলাকারী রিস্টেসান্ড বর্তমানে ক্যান্সার থেকে মুক্ত। তার পক্ষের আইনজীবিদের মতে, তার জরায়ুর ক্যান্সার ধরে পড়েছিল এবং সার্জারির মাধ্যমে জরায়ু অপসারণ করা হয়েছে। যদিও কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, কসমেটিক ট্যালকের সুরক্ষা নিয়ে যে ৩০ বছরের গবেষণা হয়েছে তার বিরোধীতা করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং তাদের পণ্য ব্যবহারে কোনো ঝুঁকি নেই তাও প্রমাণ করা হবে।
এদিকে আদালতের এই রায়ের পর জনসন অ্যান্ড জনসনের শেয়ারের বর্তমান মূল্য ১১২ দশমিক ৫৭ ডলার থেকে আঠেরো শতাংশ কমে গেছে।

Comments are closed.