চট্টগ্রাম : অভিনব উপায়ে টেকনাফ থেকে ইয়াবা আনা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ইয়াবা কলার মধ্যে ঢোকানো হয়। পরে প্রাণ ফ্রুটো দিয়ে গিলে খেয়ে ঢাকা ও চট্টগ্রামে চলে আসেন পাচারকারীরা। এমন এক নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীররাতে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের এস আলম কাউন্টার থেকে সেতারা বেগম (২০) নামে ওই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটক সেতারা বেগম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মো. জাবেরের স্ত্রী।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন বলেন, ‘টেকনাফ থেকে ইয়াবা নিয়ে সেতারা বেগম বাস যোগে ঢাকায় যাওয়ার উদ্দেশে সিনেমা প্যালেসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করলে তার শরীরে কিছু না পাওয়ায় তাকে স্থানীয় “সেনসিভ ডায়গনস্টিক সেন্টারে” এক্সরে করা হয়। রির্পোটে তার পেটের ভেতর ইয়াবার অস্তিত্ব পেলে বিশেষ কৌশলে তার পেট থেকে ইয়াবার পুটলি বের করা হয়। মোট ১৫টি পুটলির মধ্যে মোট ৬০০ পিস ইয়াবা পাওয়া গেছে।’
জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে বলেন, ‘প্রথমে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ইয়াবা কলার মধ্যে ঢোকানো হয়। পরে প্রাণ ফ্রুটো দিয়ে গিলে খাই।’
দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম ও ঢাকা মহানগরীতে বেশি দামে বিক্রয় করে আসছেন আটক নারী ইয়াবা পাচারকারী। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন।

Comments are closed.