চট্টগ্রাম : বন্যা, জ্বলোচ্ছাস ও জলাবদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীকে সুরক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে বেড়িবাঁধ, বন্যা নিয়ন্ত্রন বাঁধ, খাল শাসন, স্ল্যুইচ গেইট ও পাম্প হাউস নির্মাণে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এ লক্ষে ৮ মে ২০১৬ খ্রি. রবিবার সকালে নগরভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর উর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম নগরীকে ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস, অধিক জোয়ারের পানি প্রবেশ এবং অতি বৃষ্টির কারনে নগরীতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের উপর জোর দেন। মেয়র বলেন, নৌবাহিনী, বন্দর, পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের যৌথ উদ্যোগে নগরীকে সুরক্ষার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। নগরীর মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকায় ২৬ টি খালের মুখ বিদ্যমান। প্রতি খালের মুখে স্ল্যুইচ গেইট ও পাম্প হাউস নির্মাণ, রাস্তা নির্মাণ, খাল শাসন, প্রয়োজনীয় ক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রন ওয়াল নির্মাণ সহ যা-যা প্রয়োজন হবে সবই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে।
মেয়র বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের উপর তথ্যচিত্র মেয়র এর নিকট তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একে এম শামসুল করিম। মেয়র Improvement of Drainage System & Water Logging Mitigation of Chittagong CIty Area নামে প্রকল্পটির বিষয়ে বন্দর ও নৌ-বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংযুক্ত করে উদ্যোগ গ্রহনের প্রস্তাব দেন।
মতবিনিময় বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম শামসুল করিম, তত্বাবধায়ক প্রকৌশলী ছিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, খ ম জুলফিকার তারেক, উপ পরিচালক মোহাম্মদ শহিদ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, উপ বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ, সহকারী প্রকৌশলী সিজেন চাকমা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, মো. আবু ছালেহ, মো. কামরুল ইসলাম সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.