ঢাকা : একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ (৯ মে) সোমবার বিকাল ৩টার পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগের প্রধান বিচারপতি এস কে সিনহাসহ চার সদস্যের আপিল বেঞ্চের বাকি তিন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রায়ে স্বাক্ষর করেন। এদিকে আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ায় নিজামীর সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সুযোগ রয়েছে। তবে তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। এখন নিজামীকে আনুষ্ঠানিকভাকে আপিল রিভিউর রায় জানানোর পর প্রাণভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষার আবেদন না করলে বিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হবে।
এদিকে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বর্তমানে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। এখানে তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

Comments are closed.