চট্টগ্রাম : মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জনকে গ্রেফতার করেছে ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোতোয়ালী, বায়েজিদ বোস্তামী ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে মাদকদ্রব্যসহ আসামিরা ধরা পড়ে।
মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডের উত্তরপাশে বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনের পুত্র মো. মালুকে (২৪) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কোতোয়ালীর কাশেমশাহ মাজার সংলগ্ন বিআরটিসি মোড়ের সামনে থেকে সোবহানের মেয়ে আনোয়ারা বেগম ওরফে অনুকে (৩০) এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুরাতন রেল স্টেশন সংলগ্ন নুরে হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় মো. বাবুল মিয়ার পুত্র মো. জুয়েলকে (২৬)।
এদিকে বুধবার রাতেই কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ের ইউনুচ মার্কেট সংলগ্ন ওভারব্রিজের নিচে হাসেম ফল বিতানের সামনের রাস্তা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মৃত রফিক আহাম্মদের পুত্র মো. সিরাজুল মনিরকে (৩৫) গ্রেফতার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর কলোনির ইউনুছ সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মৃত ইউনুছ সওদাগরের স্ত্রী মনোয়ারা বেগমকে (৫৫) গ্রেফতার করা হয়।
স্ব স্ব থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

Comments are closed.