বিনোদন : কথায় আছে—যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই! ভারতীয় অভিনেতা সালমান খানের বেলায় ঘটছে এমনটাই। অবশেষে সবাইকে এক কথায় চুপ করালেন তিনি। বললেন, বিয়ে করলে তার খবর সবার আগে জানবে তার ভক্তরাই।
সালমান কি লুলিয়াকেই বিয়ে করছেন? এই প্রশ্ন শুনে শুনে অতিষ্ঠ এখন তার পুরো পরিবার। এরই মধ্যে কৌশলী উত্তর দিয়ে নিজের গা ঝেড়েছেন সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। এবার গণমাধ্যম চড়াও হয়েছে সালমানের দুই ভাই আরবাজ এবং সোহেলের উপর।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রশ্নটি বাবার মতোই কৌশলে এড়িয়ে গেছেন আরবাজ। কিন্তু ভাইয়ের মতো মাথা ঠান্ডা রাখতে পারেননি পারেননি সোহেল।
বৃহস্পতিবার ব্যান্ড্রার এক রেস্তোরাঁয় মা-বাবাকে নৈশভোজে গিয়েছিলেন সোহেল, তখন তাকে ছেঁকে ধরে সাংবাদিকরা। এতে ভয়ঙ্কর রেগে যান এই পরিচালক, এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বসেন।
তবে সালমানের ভাষ্যে, দুর্ব্যবহার নয়, বাবা-মাকে সাংবাদিকদের হাত থেকে বাঁচাতেই এমনটি করেছেন তার ভাই। তিনি বলেন, “আমার বাবার বয়স ৮০ বছর। আপনারা কথায় কথায় তার সামনে এভাবে মাইক ধরেন, ছবি তোলেন, যদি কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন তখন কি হবে?”
“আমাদের বয়স কম, আপনারা আমাদের সঙ্গে এমন করতে পারেন। কিন্তু দয়া করে আমার বাবা-মাকে ছাড় দিন। এটা এমন কী প্রশ্ন যার উত্তর জানার জন্য রাত ১২টা সময় আপনারা আমার মা-ভাইয়ের উপর চড়াও হবেন? আমি বিয়ে করছি নাকি না এটা জানার জন্য রাত দুপুরে আপনাদের এত ব্যস্ত হতে হবে কেন? গণমাধ্যমের উচিৎ কিছু নিয়ম মেনে চলা।” বলেন সালমান।
কয়েকদিন আগে শোনা যায়, আগামী জন্মদিনে অর্থাৎ এ বছরের ২৭ ডিসেম্বর হবে সালমানের বিয়ে। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো। সাংবাদিকদের অতিরিক্ত আগ্রহে ক্ষুব্ধ হয়ে পরদিন এক অনুষ্ঠানে এসে সালমান বলেন, “আমার বিয়ের খবর আমি সরাসরি আমার ভক্তদের জানাবো, আপনাদের বলব কেন?”
তিনি আরও বলেন, “যখন আমি বিয়ে করবো, তখন ফেইসবুক-টুইটারের মাধ্যমে আমার ভক্তদের জানিয়ে দিবো।”
লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের গুজব শুনে এর আগেও একবার সরগরম হয়েছিল গণমাধ্যম। রোমানিয়ার এই অভিনেত্রীর আঙুলে আংটি দেখার পর রটেছিল, সালমানের সঙ্গে বাগদান হয়েছে তার। তবে তখন পুরো ব্যাপারটি হেসেই উড়িয়ে দিয়েছেন সালমান। কিন্তু এবার তিনি হ্যাঁ কিংবা না– কিছুই বলছেন না সরাসরি।

Comments are closed.