বিনোদন : হলিউড সুপারহিরো মুভি বারোটা বাজিয়ে দিচ্ছে বলিউড বক্স অফিসের। এবার তালিকায় যোগ হয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চনের সিনেমা ‘সারাবজিত’। শুক্রবার ২০ মে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘সারাবজিত’, যাতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং রানদিপ হুড়ার মতো পাকা অভিনয়শিল্পীরা।
বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, শুক্রবারের হিসাবে ‘সারাবজিত’ আয় করেছে ৩ কোটি ৬৯ লাখ রুপি। সকালের শোতে দর্শক সমাগম তেমন না হলেও সন্ধ্যা এবং রাতের শোতে সিনেমাটির আয় ছিলো ভালো, জানান তারান।
এদিকে ‘অ্যাপাকোলিপ্স’ আয় করেছে ৪ কোটি ৫১ লাখ রুপি, ভারতজুড়ে সিনেমাটির দর্শক সমাগম ছিল ৫০ শতাংশ।
‘মেরি কম’ খ্যাত পরিচালক উমাং কুমারের দ্বিতীয় সিনেমা হিসেবে ‘সারাবজিত’কে নিয়ে সবার প্রত্যাশা ছিলো আরও অনেক। তবে রোববার পর্যন্ত ‘সারাবজিত’-এর সংগ্রহ দেখে বোঝা যাবে আগামী দিনগুলোতে সিনেমাটির গতিবিধি কেমন থাকবে।
ভারতে বরাবরই হলিউডি সিনেমা মুক্তি দেওয়া হয়। কিন্তু গত বছর ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন’ মুক্তির পর থেকে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে প্রভাব পড়ছে হলিউডি সিনেমার।
এ বছর এখন পর্যন্ত ভারতে মুক্তি পাওয়া হলিউড ব্লকবাস্টার ‘দ্য জাঙ্গল বুক’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান:ডন অফ জাস্টিস’, ‘কুং ফু পান্ডা থ্রি’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা:সিভিল ওয়ার’-এর ক্ষেত্রেও এমনই হয়েছে। হলিউডের দাপটে টিকতে পারেনি হিন্দি সিনেমাগুলো।

Comments are closed.