চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন আজ বুধবার (২৫ মে) কিন্তু একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তার জামিন মেলেনি ।
বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা আপিল আবেদন ও অস্ত্র মামলায় জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আপিল আবেদন গ্রহণ করে জামিনের আদেশ দিলেও আরেকটি জামিন নামঞ্জুর করেন।
রণির আইনজীবী ইফতেখার সাইমুল বলেন, দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন আদালত গ্রহণ করেছেন এবং জামিন দিয়েছেন। তবে অস্ত্র মামলায় জামিনের আবেদনটি আদালত বিবেচনা করেননি। আমরা হাইকোর্টে রণির জামিনের আবেদন করব।
বুধবার রণির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন প্রায় শ’খানেক আইনজীবী। আর আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, নুরুল আজিম রনিকে হাটহাজারীর মির্জাপুরে একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্র ও গুলিসহ আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়ার কথা জানিয়ে অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমান আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ ওইদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।

Comments are closed.