ইউরো ফুটবল টুর্নামেন্টে সন্ত্রাসী হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক : ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্ত্রাসী হামলার লক্ষ্যে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, “গ্রীষ্মের মাসগুলোতে বিপুল সংখ্যক পর্যটক ইউরোপ ভ্রমণে যায়। এরা সন্ত্রাসীদের বড় ধরনের লক্ষ্যে পরিণত হতে পারে”, বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় নিয়মিতভাবেই গেল ২০ বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপের জন্য সতর্কতা জারি করল তারা।

ফুটবল টুর্নামেন্ট ছাড়াও পর্যটন এলাকা, রেস্তোরাঁ, বাণিজ্য কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা হামলার লক্ষ্য হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়টি। এছাড়া ট্যুর দ্য ফ্রান্স সাইকেল রেস ও পোল্যান্ডের কারকৌ-এর ক্যাথলিক গির্জার ‘যুব দিবস’ অনুষ্ঠানেও হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ দুটি উপলক্ষ্য প্রায় ২৫ লাখ ‘ভ্রমণকারীকে টেনে আনবে’ বলে ধারণা করা হচ্ছে। নিজেদের সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউরোপজুড়ে জঙ্গি হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

১০ জুন থেকে ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ইউরোপের সেরা জাতীয় ফুটবল দলগুলোর এই প্রতিযোগিতা উপভোগ করতে ১০ লাখেরও বেশি পর্যটক ফ্রান্সে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী প্যারিসে গেল নভেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সে একটি জরুরি অবস্থা জারি আছে। শহরের একটি ফুটবল স্টেডিয়াম, একটি কনসার্ট হল, কয়েকটি বার ও রেস্তোরাঁয় প্রায় একযোগে চালানো ওই আত্মঘাতী জঙ্গি হামলায় ১৩০ জন নিহত ও বহু মানুষ আহত হন।

ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ চলা পর্যন্ত ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। ৯০ হাজার পুলিশ, সেনা ও বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। অন্যান্য পদক্ষেপের মধ্যে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি মোতায়েন করারও পরিকল্পনা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.