নিজস্ব প্রতিবেদক : সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত আলোচিত, চট্টগ্রামের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে (৩২) চট্টগ্রামে তাদের বাসার কাছে গুলি করে হত্যা করা হয়েছে। বাবুল আক্তার সবশেষ নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে এসপি হন। গত সপ্তাহে চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দেন তিনি।
আজ (৫ জুন) রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ের কাছে ও আর নিজাম রোডে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা মাহমুদার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দুটি ছেলে ও মেয়ে রয়েছে। তাদের ক্যান্টন্টমেন্ট স্কুলে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বাবুল অাক্তার ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
গত এপ্রিলের শুরুতে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া বাবুল আক্তার কাজ করছেন ঢাকার পুলিশ সদরদপ্তরে। স্ত্রী খুন হওয়ার খবর পেয়েই তিনি রওনা হন চট্টগ্রামের উদ্দেশ্যে। পদোন্নতির আগে বাবুল আক্তার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন।
এক ফকির ও তার খাদেম হত্যা এবং বোমায় ব্যবসায়ী নিহত হওয়ার দুটি ঘটনার তদন্ত করতে গিয়ে জেএমবির একটি আস্তানার সন্ধান পান বাবুল আক্তার। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবি নেতা জাবেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে পুলিশের সঙ্গে এক অভিযানে থাকা অবস্থায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জাবেদ। এসব কারণে বাবুল আক্তার ও তার পরিবার হুমকি পেয়ে আসছিলেন বলে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোক্তার আহমেদ জানান, “যেহেতু বাবুল আক্তার জঙ্গি দমনে অনেক কাজ করেছেন, তারাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখব।” মোটরসাইকেলে আসা হামলাকারীরা সংখ্যায় ছিল তিনজন; তাদের একজনের মাথায় হেলমেট ছিল বলে প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানিয়ছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ বলেন, ঘটনাস্থলে তারা তিনটি অব্যবহৃত গুলি ও একটি গুলির খোসা পেয়েছেন। গুলিটি লেগেছে মাহমুদার মাথার বাঁ পাশে।

Comments are closed.