মোটরসাইকেলে শিশু ওঠানো যাবে না

ঢাকা : এক মোটরসাইকেলে তিন জনের ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার মোটরসাইকেলে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিআরটিএ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্য করে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এক মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতেই হবে। যে কোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। এছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে উঠে। এটি খুবই বিপদজনক, এক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে, কারণ বিষয়টা ঝূকিপূর্ণ।

কয়েক মাস ধরে এক মোটরসাইকেলে তিন আরোহীর অংশগ্রহণের একের একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মোটরসাইকেলে তিন জনের ওঠা ঠেকাতে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এবার রাস্তাঘাটের অবস্থা ভাল রয়েছে জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১৪টি স্পটে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

সকালে বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.