নিজস্ব প্রতিবেদক : অস্ত্র আইনে করা মামলায় হাইকোর্ট থেকে ছয়মাসের জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তার হয় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
রনির জামিন আবেদন শুনে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ সোমবার এ আদেশ দেন। অস্ত্র আইনের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হওয়ার পর রোববার তার পক্ষে হাই কোর্টে আবেদন করা হয়। আদালতে এ ছাত্রলীগ নেতার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম; সঙ্গে আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনীন।
আবদুর রাজ্জাক জানান, হাই কোর্ট রনির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। সেসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না রাষ্ট্রপক্ষের কাছে তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছে।
গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের ভোটকেন্দ্রের বাইরে থেকে সিলসহ রনিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। ওই সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে অস্ত্র আইনেও তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ভোটে প্রভাব বিস্তারের মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের এই নেতার আপিল মঞ্জুর করে ২৫ মে তাকে জামিনের এই আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা।

Comments are closed.