আন্তর্জাতিক : অলিম্পিক শুরু হওয়ার ৫০ দিনেরও কম সময়ের আগে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্য। বিবিসি বলছে, রাজ্যটির অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, গুরুতর অর্থনৈতিক সংকট’র কারণে এই ক্রীড়া আসরকে যথাযথ সম্মান জানানোর যে অঙ্গীকার রাজ্যটি করেছিল তা থেকে বিরত থাকতে হতে পারে।
ব্রাজিলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মিশেল তেমের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার অঙ্গীকার করেছিলেন। রিও দে জেনেইরোর গভর্নর এই সংকটের জন্য কর ঘাটতিকে দায়ী করেছেন, বিশেষ করে দায় চাপিয়েছেন তেলশিল্পের উপর। ব্রাজিল বর্তমানে এক ধরনের কঠোর কৃচ্ছতার মধ্যদিয়েই যাচ্ছে। গর্ভনরের এই অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারের জরুরি তহবিল অবমুক্ত করার ক্ষেত্রে গতির সঞ্চার হতে পারে।
একটি ডিক্রিতে গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, এই রাজ্য গণ দুর্দশার মধ্যদিয়ে যাচ্ছে, যার কারণে নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষার মতো গণসেবা কার্যক্রশ ভেঙে পড়তে পারে। তবে অলিম্পিক আসরকে সামনে রেখে ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করা হবে যা ‘প্রয়োজনীয় সব গণসেবা খাতে’ প্রভাব ফেলবে বলে তিনি জানালেও, বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
রাজ্যটি চলতি বছর ৫৫০ কোটি মার্কিন ডলার বাজেট ঘাটতি দেখিয়েছে। চলতি বছরের অগাস্ট থেকে ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক। সেখানে ৫ লাখ বিদেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.