ঢাকা : দিনেদুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্মচারী ক্লাবের সামনে থেকে এক অজ্ঞাত তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
প্রতক্ষদর্শীরা জানান, সোমবার বিশ্ববিদ্যালয় বিশমাইল গেট দিয়ে ওই অপহরণকৃত তরুণী একটি ছেলে সঙ্গে কর্মচারী ক্লাবের দিকে আসছিলেন। তারা ক্লাবের সামনে আসলে বাইরে থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) তাদের গতিরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে মেয়েটিকে জোর করে গাড়ীতে ওঠানোর চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে আসে পাশে লোকজন ছুটে আসেন। লোকজন সেখানে পৌঁছানোর আগেই ছেলে-মেয়ে দুজনকেই তুলে নিয়ে গাড়িটি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। ঘটনাস্থলে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টি জানার পর সেখানে গিয়েছিলাম। আশুলিয়া ও সাভার থানায় ফোন দিয়ে বিষয়টি জানিয়েছি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহসিনুল কাদির বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Comments are closed.