বিসিএসের নন-ক্যাডাররা হবেন স্কুলের শিক্ষক

ঢাকা : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঙ্কট দূর করার লক্ষ্যে শূন্য পদের ৫০ শতাংশ ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ননক্যাডার প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। ১ হাজার ৭৪৪টি শূন্য পদের অর্ধেক নিয়োগ পাবে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার সন্ধ্যায় মাউশি মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন জানান, বিষয়টি অনেক দিনে ধরে ঝুলে আছে। আমরা আজকে আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধান করতে। দেখা যাক সামনে কী হয়।

বর্তমানে ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণের ঘোষণা দেন। ঘোষণার চার বছর পার হয়ে গেলেও এ বিষয়ে বিধিমালা না থাকায় নিয়োগকারী প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) শিক্ষক নিয়োগ দিতে পারেনি।

শূন্য পদে নিয়োগ না দেয়ার কারণে পাঠদানরত শিক্ষকদের বাড়তি চাপ নিতে হচ্ছে। এতে বেকায়দায় পড়তে হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষকের ক্ষেত্রে। এ রকম পরিস্থিতিতে মাউশি শিক্ষক সঙ্কট দূর করতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা ক্যাডার নন, কেবল তাদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায়। রোববারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি চূড়ান্ত হলো। তবে নিয়োগবিধি সংশোধন, পরিমার্জন বা পাস করার বিষয়টি সচিব কমিটির সভার অপেক্ষায় রয়েছে বলে মাউশি সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.