চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তি

গোলাম সরওয়ার :  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি মুক্তি পেয়েছেন। আজ ৩০ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে। ফুলের মালা দিয়ে রনিকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে কারাগারের সামনে আনন্দ মিছিল হয়।

গত ১৯ জুন অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ফলে মুক্তি পাননি রনি। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন রনি। ২৮ জুন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আরও তিন মাস রনির জামিনের মেয়াদ বাড়ান।

গত ৭ মে দুপুর সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রনিকে আটক করে বিজিবি।

ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন।

এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছার আগেই অস্ত্র মামলায় রনির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৭ মে আটকের সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায় বলে গণমাধ্যমে তথ্য দিয়েছিল বিজিবি। এসময় রনিসহ ৯ জনকে আটক করা হলেও অস্ত্র মামলায় শুধু রনিকেই আসামি করে পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.