নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগ এখন আর কোনো একক দেশের বিষয় নয়। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা সবার জন্য কৌশলগত সম্ভাবনা ও সুযোগে পরিণত হয়েছে। শুক্রবার ১১তম আসেম-এর প্লেনারি-২ অধিবেশনে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থনীতিতে উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক ও দায়িত্বশীল বাণিজ্য ব্যবস্থাপনা গড়ে উঠছে এবং পারস্পরিক আঞ্চলিক কর্মকাণ্ডে আঞ্চলিক ও বৈশ্বিক পণ্য বিপণন ব্যবস্থাপনাও (সাপ্লাইচেইন) সম্প্রসারিত হচ্ছে। যথাযথ মান এবং সংহতি, বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সমতার মতো নীতির ভিত্তিতেই সব উন্নয়ন উদ্যোগ গ্রহণ করতে হবে।

ই-সেবায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, অভিন্ন জাতীয় ই-পোর্টালের সঙ্গে যুক্ত দেশব্যাপী ৫ হাজার ৩শ’ ডিজিটাল সেন্টার এবং প্রায় ৪৩ হাজার সরকারি অফিস ই-পোর্টালের অধীনে ৪ দশমিক ৫ মিলিয়ন লোক ৭০টিরও বেশি ই-সেবা গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষ করে সংযোগ বিষয়ক আসেম ওয়ার্কিং গ্রুপ আরো বৃহত্তর ফলাফল নিয়ে আসবে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর (বিসিআইএম-ইসি) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসব অঞ্চলে যোগাযোগ সংযোগের ফলে বিপুল সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটবে।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার মঙ্গোলিয়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাঙ্গরি-লা হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তাজখিয়াজিন এ্যালবেগদোরজ তাকে স্বাগত জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.