শহিদের সঙ্গে বিবাদ কঙ্গনার

বিনোদন : অভিনেতা শহিদ কাপুরের সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে না অভিনেত্রী কঙ্গনা রাণৌতের। বিশাল ভরদ্বাজ পরিচালিত রেঙ্গুন সিনেমায় দেখা যাবে এ দুই তারকাকে। এই সিনেমার শুটিং সেটেই তাদের ঠাণ্ডা যুদ্ধ চলছে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিনেমার একটি দৃশ্যধারণকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সূচনা হয়। সিনেমার সংলাপ কীভাবে দিলে ভালো হবে, কোথায় দাঁড়িয়ে দিতে হবে এমন কিছু বিষয় দিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি ধীরে ধীরে এত বাজে পর্যায়ে পৌঁছায় যে এখন তারা একে অন্যের মুখের দিকে ফিরেও চাইছেন না। শুধু ক্যামেরা চালু হওয়ার পর তারা দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সম্পর্ক বর্তমানে এতটাই খারাপ যে, তারা পরবর্তীতে আর একসঙ্গে সিনেমা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শহিদ এবং কঙ্গনা দুজনই মনে করেন তারা ভালো পরিচালনা করতে সক্ষম। তাই তারা বিশালকে বিভিন্নভাবে পরামর্শ দেন। অন্যদিকে সিনেমায় সাইফ আলী খানও অভিনয় করছেন। তিনি এ বিষয়ে চুপ থাকেন বলে জানা গেছে।

রেঙ্গুন সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। সাইফ এবং কঙ্গনা ছাড়াও সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শহিদ কাপুরকে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.