ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পাহাড়তলী থানার এক বেতার কনসটেবল (ওয়ারলেস অপারেটর) গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত কনসটেবলের নাম মো. সিদ্দিক (৪৩)।

আজ (২০ জুলাই) বুধবার দুপুর দেড়টার দিকে পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) শেখ শরিফুল ইসলাম জানান, নয়াবাজার এলাকার ব্র্যাক ব্যাংকের শাখা থেকে শ্বশুড়সহ গিয়ে দুই লাখ টাকা তোলেন সিদ্দিক। টাকা তুলে একটি সিএনজি অটোরিকশা করে গন্তব্যে ফিরছিলেন তারা। পথে অপর একটি সিএনজি অটোরিকশা করে আসা তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা সিদ্দিককে সিএনজি থেকে নামিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরি মেরে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, গুরুতর আহত অবস্থায় কনসটেবল সিদ্দিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছিনতাইকারীরা কোন টাকা নিয়ে যেতে পারেনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.