নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শীতলঝরণা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াবা ব্যবসায়ীরা হলেন, কক্সবাজারের টেকনাফের কবির আহম্মেদের ছেলে জাহেদ হোসেন মনু (৪৫), একই উপজেলার ফকির আহম্মেদের ছেলে আকছার কামাল ওরফে রায়হান (২৬) এবং রামুর জাফর আলমের ছেলে আনোয়ারুল ইসলাম (২২)।
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলঝরণা আবাসিক এলাকার বাগদাদ বেকারির পাশের বায়তুশ সালাম জামে মসজিদের সামনে চট্টমেট্রো-চ-১১-১৬২৫ নম্বর গাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, টেকনাফের মো. ইমন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবাগুলো এনে নগরীর অক্সিজেনের সৈয়দপাড়া এলাকার তাজুল ইসলাম নামের একজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ওসি বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Comments are closed.