মৃত্যুদণ্ডপ্রাপ্ত দশ জেএমবির রায় ২৮ জুলাই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর আইনজীবী সমিতিতে বোমা হামলার ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১০ জেএমবির আপিলের রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। আজ (২০ জুলাই) বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন নির্ধারণ করেন।

এর আগে জেএমবির ওই সদস্যদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার গোলাম নবী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা এবং সাবেক বিচারপতি অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন হলেন- আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি, তৈয়বুর রহমান ওরফে হাসান, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান, মো.সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম এবং আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে চার আইনজীবীসহ মোট আটজন নিহত হন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.