ড. ইফতেখার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ নিয়োগ প্রদান করেন।

এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌছে। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, চবি ক্লাবের (শহর) সভাপতি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ হিসেবে দায়িত্ব পালন করেন।

এই শিক্ষাবিদ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ইউএসএ ফুলব্রাইট সিনিয়র স্কলার), সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় (ইউএসএ ফুলব্রাইট সিনিয়র স্কলার), ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-বার্কলে (ইউএসএ), ইংল্যান্ডের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়, ডেনমার্কের অলবর্গ বিশ্ববিদ্যালয়, জাপানের ওসাকা সিটি বিশ্ববিদ্যালয়, জাপানের কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়, জাপানের রিউকু বিশ্ববিদ্যালয়, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর/স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ইউএনডিপি, ইউএনসিএইচআর, ডিএফআইডি, ইউএসআইডিসহ বহু আন্তর্জাতিক সংস্থা পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরামর্শক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তার বহু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি তিনটি মৌলিক গ্রন্থের প্রণেতা। এ খ্যাতিমান শিক্ষাবিদ ১৯৫৫ সালের ১ জুলাই চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ১৯৭০ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণীতে এসএসসি, ১৯৭২ সালে প্রথম শ্রেণীতে এইচএসসি, ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ থেকে এমএ প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

১৯৯৬ সাল থেকে ওই বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮৮ সালে জাপান সরকারের অধীনে সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.