চট্টগ্রাম : চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে ১১ আগস্ট। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলামের আদালতে হিমু হত্যা মামলার রায় ঘোষণার কথা ছিল। বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার সময় পিছিয়ে গেছে।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম রায় ঘোষণার নতুন সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী। এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন গত ১৬ জুন সম্পন্ন হয়েছে। ওইদিন ২৮ জুলাই রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর একটি বাসায় কুকুর লেলিয়ে নির্যাতন করার পর হিমুকে চারতলার ছাদ থেকে ফেলে দেয় ধনাঢ্য পরিবারের কয়েকজন বখাটে যুবক। মামলার আসামিরা হলেন হিমুর বন্ধু রিয়াদ, রিয়াদের বাবা ব্যবসায়ী টিপু, বন্ধু সাজু, ড্যানি ও শাওন। এদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক। অন্যরা কারাগারে।

Comments are closed.