যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার বরণডালি গ্রামে সেপটিক ট্যাংক ভেঙ্গে বাবা ছেলেসহ ৫ জন মারা গেছেন। আজ (৮ আগষ্ট) সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরনডালি গ্রামের আহাদ গাজি বিকেল ৫ টার দিকে বাড়ির পাশে আরেকটি ঘর নির্মাণ করার জন্য একটি পুরাতন সেপটিক ট্যাংকির ওপর দাঁড়িয়ে ৩ জন নির্মাণ শ্রমিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পুরনো সেপটিক ট্যাংকিটি ভেঙ্গে গেলে ৫ জনই ভেতরে পড়ে যান। গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করলেও তার আগেই তারা মারা যান।
তারা হলেন, আহাদ গাজি (৪৫), তার ছেলে শফিকুল ইসলাম, সাহাপুর গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল হামিদ, ইকবাল হোসেন এবং আল আমিন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
