চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এস কে নামের একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া ছিল। বেশ কিছুদিন ধরে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়া শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক। শ্রমিকের বেতন-ভাতা এখনও পরিশোধ করা হয়নি। বুধবার তাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন প্রতিষ্ঠানটিতে তালা লাগানো। এরপর জড়ো হয়ে তারা বেতন-ভাতার দাবিতে গার্মেন্টেসের সামনে বিক্ষোভ করতে থাকেন।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
