মারা গেল বঙ্গবাহাদুর

0

অনলাইন ডেস্ক : অতিরিক্ত গরমেই বঙ্গ বাহাদুরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন হাতি উদ্ধারকারী দলের প্রধান ও ঢাকার আগারগাঁও এর বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। মঙ্গলবার সকালে তিনি জামালপুরের সরিষাবাড়ীতে মারা যাওয়া বঙ্গ বাহাদুরের (হাতি) মৃত্যুর কারণ সম্পর্কে তিনি এ দাবি করেন।

ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, দেড়মাসের অধিক সময় ধরে বুনোহাতিটি দেশের ৫টি জেলার নদী নালা খাল বিলসহ প্রায় ১৫শ কিলোমিটার পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়াও ৫-৬ বার ট্যাঙ্কুলাইজার গান দিয়ে মেটাল ডার্টে অচেতন করার ওষুধ প্রয়োগ করে উদ্ধার এবং লোহার শিকল ও মোটা রশি দিয়ে বেঁধে রাখায় সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সোমবার ২য় দফা শিকল ছিড়ে ছুটে যাওয়ার পর ৪টি ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ডার্ট ইনজেকশন দিলে অসুস্থ্য হয়ে পড়ে হাতিটি। পরে অসুস্থ হাতিটি দুপুরে মাটিতে লুটিয়ে পড়ে।

অসীম মল্লিক বলেন, ১৫ অগাস্ট অতিরিক্ত গরম ছিল। আমরা হাতিটাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছি। এমনকি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে হাতির গায়ে পানিও দিয়েছি। কিন্তু হাতিকে আমরা রক্ষা করতে পারিনি। এদিকে, হাতি উদ্ধারের ৬ দিন অতিবাহিত হলেও কেন স্থানান্তর করা হল না এ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে হাতিটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে পাকা রাস্তার দুরত্ব প্রায় ২ কিলোমিটার। এই ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতিটাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ সম্পর্কে তিনি বলেন, অতি স্বল্প মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়েছিল। এ মাত্রার ওষুধে হাতি মারা যাওয়ার কথা নয়। তবে তার এ কথার সঙ্গে একমত হতে পারছেন না এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.