যশোরে গুলিতে নিহত ২

0

সিটিনিউজবিডি : যশোর শহরে গুলিতে অজ্ঞাত পরিচয় দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, শুক্রবার মধ্যরাতে শহরের দুইটি স্থানে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। দুজনেরই বয়স ত্রিশের নীচে।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, প্রথম লাশটি পাওয়া যায় পৌরপার্কে বাস্কেটবল গ্রাউন্ডের কাছে। গোলাগুলি হচ্ছে বলে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ পৌরপার্কে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি নম্বরবিহীন মোটরসাইকেল পাওয়া যায়। মোটরসাইকেলটির পেছনে ভেনাস অটোস-এর স্টিকার লাগানো রয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, অন্য লাশটি উদ্ধার করা হয় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট গেঞ্জির মিলের পাশ থেকে। স্থানীয়দের কাছে গোলাগুলির খবর পেয়ে মিলের পাশে গিয়ে মহাসড়কে গুলিবিদ্ধ লাশটি পাওয়া যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল কান্তি মল্লিক জানান, রাত সোয়া ২টার দিকে কোতোয়ালি থানার এসআই এসএম শহিদুল ইসলাম অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার ঘণ্টাখানেক আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান ডা. কাজল।
তিনি বলেন, এর কিছু সময় পর রাত পৌনে ৩টার দিকে পুলিশ আরেক যুবককে হাসপাতালে আনে। এই যুবকেরও মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার অন্তত পৌনে এক ঘণ্টা আগে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.