সিটিনিউজবিডি : বলিউডের পাশাপাশি মার্কিন মুলুকেও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করার পর আসন্ন ছবি ‘বেওয়াচ’ এ একজন আকর্ষণীয় ভিলেনের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। হলিউড অ্যাকশন অভিনেতা ডোয়াইন জনসন দ্য রকের সঙ্গে পর্দা শেয়ার করতে যাওয়া নায়িকা খোদ জানালেন, ছবিতে নাকি তিনি ‘কুলেস্ট’ অর্থাৎ আকর্ষণীয় ভিলেন রূপে দেখা দেবেন!
সম্প্রতি টুইটার নিউইয়র্কের পক্ষ থেকে একটি অনলাইন চ্যাট শোয়ের আয়োজন করা হয়। সেখানেই তার প্রথপম হলিউড সিনেমায় নিজের চরিত্র এবং সহ অভিনেতা ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের চরিত্র নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। তখন এই ছবিতে নিজের ‘আকর্ষণীয়’ ভিলেন রূপে পর্দায় আসার কথা জানান।
তিনি জানিয়েছেন, ডোয়াইন ও জ্যাককে একসঙ্গে দেখতে বেশ মজার লাগে। তাদের যদি একসঙ্গে স্লো মোশনে দেখানো হয়, তাহলে তা আরও মজাদার লাগবে দেখতে। তবে ‘বেওয়াচ’ একটি অসাধারণ ছবি। যেখানে আকর্ষণীয় এক ভিলেনের চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া ছবিটি যে ব্লকবাস্টার ছবি হবে, সেই বিষয় কোনও সন্দেহ নেই প্রিয়াঙ্কার।
তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তিনি। কারণ ৯০-এর দশকের অ্যাকশন ড্রামা সিরিজ ‘বেওয়াচ শো’এর খুব বড় ভক্ত ছিলেন প্রিয়াঙ্কা। সেই শো যথেষ্ট জনপ্রিয় ছিল সারা বিশ্বে। সামনের বছরের একটি ব্লকবাস্টার ছবি হবে বলে মনে করেন পিগি চপস।
