অনলাইন ডেক্স : জাপানের দিকে দুইটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। ঝড়ো হাওয়া, ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় আজ ২১ আগষ্ট রবিবার দেশটি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে সন্ধ্যায় টাইফুন কোম্পাসু ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়টি স্থানীয় সময় আজ রবিবার সকাল নয়টায় প্রশান্ত মহাসাগরে জাপানের কামাইশি নগরী থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। ঝড়টির প্রভাবে এরই মধ্যে ভারি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে হোক্কাইডোর নদীগুলো পানি উপচে দুকূলের বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করছে। আবহাওয়া সংস্থা কোম্পাসু থেকে হোক্কাইডো পর্যন্ত ভারি বৃষ্টিপাত, ভূমিধস ও উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।
আবহাওয়া সংস্থা আরো জানিয়েছে, টাইফুন মিন্দুল স্থানীয় সময় আজ সকাল ৯টায় প্রশান্ত মহাসাগর থেকে ১৭০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়ার সংস্থা আরো জানায়, আগামীকাল সোমবার সকাল নাগাদ জাপানের মধ্যাঞ্চলে মিন্দুলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টোকিওর কাছেও ঝড়টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এদিকে অপর একটি টাইফুন লিওনরক প্রশান্ত মহাসাগরে শিকোকু দ্বীপের দক্ষিণে অবস্থান করছে। তবে ঝড়টি সরাসরি জাপানে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে।
