অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ব্যয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে অনেক পিছিয়ে আছেন।
গত মাসে ট্রাম্পের প্রচারশিবির নির্বাচনী প্রচার ব্যয় দ্বিগুণ বাড়ানোর পরও তা হিলারির প্রচারব্যয়ের চেয়ে এখনও অনেক কম।
বিবিসি জানায়, ট্রাম্প জুলাইয়ে ব্যয় করেছেন ১ কোটি ৮৫ লাখ ডলার। যেখানে হিলারির ব্যয় ছিল ৩ কোটি ৮০ লাখ ডলার।
হ্যাট তৈরিতে ট্রাম্প ব্যয় করেছেন ৪ লাখ ২০ হাজার ডলার। কিন্তু টেলিভিশনে প্রধান বিজ্ঞাপনগুলো শুরু করেছেন এ মাস থেকে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ধনাঢ্য ব্যবসায়ী ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফার্মগুলো অন্ততপক্ষে ৬৫ কোটি ডলার ঋণ জর্জরিত।
ওদিকে, নির্বাচনী প্রচারেও ট্রাম্পের আগের প্রচারব্যয়ের তুলনায় এখনকার প্রচারব্যয় উল্লেখযোগ্যভাবে কম। এমনকি ২০১২ সালে বারাক ওবামা ও মিট রমিনর নির্বাচনী ব্যয়ের হিসাবেও তা কম।
শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জুন মাসে মাত্র ৭৮ লাখ ডলার নির্বাচনী প্রচারে ব্যয় করেন ট্রাম্প। জুলাই মাসে তার দ্বিগুণের বেশি ১ কোটি ৮৫ লাখ ডলার ব্যয় করেন তিনি।
জুলাই মাসে ট্রাম্পের প্রচার শিবির ৩ কোটি ৭০ লাখ ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়, যেখানে একই মাসে হিলারির তহবিল আসে ৫ কোটি ২০ লাখ ডলার।
আগস্ট মাসে ট্রাম্পের প্রচার ব্যয় আরও বাড়বে। গত সপ্তাহে টিভি বিজ্ঞাপনে ট্রাম্প শিবির ব্যয় করেছে ৫ লাখ ডলার। তবে প্রায় দুই মাস আগে থেকে টেলিভিশন বিজ্ঞাপন শুরু করেছে হিলারির প্রচারশিবির এবং এ পর্যন্ত তাদের ব্যয় হয়েছে ৬ কোটি ডলার।
হিলারির হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রায় ৭০০ জন। যা ট্রাম্পের হয়ে প্রচার চালানো মানুষের সংখ্যার প্রায় ১০ গুণ বেশি।
