সিটিনিউজবিডি : বাংলাদেশ ও ভারতের আলোকচিত্র নিয়ে ‘মৈত্রী’ শিরোনামে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চিটাগাং ফটোজার্নালিস্ট অ্যাসোয়েসিয়েশনের (সিপিজেএ) ত্রিশ বছর পূর্তিতে সিপিজেএ ও আগরতলা প্রেস ক্লাব যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
উদ্বোধনীতে আ জ ম নাছির বলেন, আমাদের দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান যত বেশি হবে, ততই দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে।
মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিজেএ’র সভাপতি মশিউর রহমান বাদল।
আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা রায় বলেন, আসা-যাওয়ার মধ্যে সম্পর্ক ভালো হয়।
সাংস্কৃতিক আদানপ্রদান অব্যাহত থাকলে দুই দেশের মধ্যকার সম্পর্ক মজবুত ভিত্তির উপর দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিত্রা রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।
প্রদর্শনীর আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় সহকারী হাইকমিশন ও জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, উপদেষ্টা মো. ফারুক ও আগরতলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী।
প্রদর্শনী চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ভারতের ২০টি ও বাংলাদেশের ২২ টিসহ মোট ৪২টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
