সিটিনিউজবিডি : জঙ্গি তৎপরতা ঠেকাতে ও পর্যটন শহর কক্সবাজারের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে পুলিশের ‘ব্লক রেইড’। এই অভিযান ঈদ পর্যন্ত চলবে।
জানা গেছে, অপরাধীদের তথ্য শনাক্তের পাশাপাশি ইতোপূর্বে যেসব বাড়িওয়ালারা নিজেদের তথ্য দিয়েছেন তা সঠিক কিনা এবং যারা তথ্য দেননি এবং আবাসিক হোটেল-মোটেল রেজিস্টারে নাম অর্ন্তভুক্তি না করে যারা অবস্থান করছেন ‘ব্লক রেইড’ অভিযানে এসব বিষয় শনাক্ত করা হচ্ছে।
প্রথম দিন শুক্রবার রাতে শহরের এন্ডারসন রোডসহ বিভিন্ন এলাকায় পুলিশ সুপার শ্যামল কুমার নাথের নেতৃত্বে চলা কয়েক ঘন্টার এই অভিযানে আটক করা হয়েছে ৪৮ জনকে।
এদের মধ্যে ১০ জনকে ৬ মাস, ৯ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে পুলিশের এই বিশেষ অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসীসহ পর্যটকরা।
শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাঁচটি টীম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
শহরের এন্ডারসন এলাকার ব্যবসায়ী কাসেম বলেন, পুলিশের এ ধরনের বিশেষ অভিযানের কারণে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঈদের কেনা-কাটা নির্বিঘ্নে করতে পারবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
একই সুরে কথা বললেন বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি বলেন, বার্মিজ মার্কেট ও আশ-পাশের এলাকায় সন্ধ্যার পর থেকে অপরিচিত লোকজনের আনা-গোনা বৃদ্ধি পায়। ফলে এক ধরনের আতংক দেখা দেয়। পুলিশের এই অভিযানের ফলে চোর-ছিনতাইকারীরা আতংকিত হয়ে এলাকা ছাড়া হয়ে যাবে। তাই সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে নিশ্চিতে।
অভিযানের বিষয়ে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পর্যটন শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান প্রতিনিয়ত চলছে। এবার অন্যভাবে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ঈদের আগ পর্যন্ত এই অভিযান নিয়মিত চলবে। অভিযানে শহরের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
