মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল এবং রাঙামাটিতে আজ অনুষ্ঠিত ভূমি কমিশনের সভার বিরোধীতা করে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বাঙালী সংগঠনগুলো।
সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে হরতাল আহ্বানকারি সংগঠনগুলোর নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের আভ্যন্তরীন ও দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ আছে। বন্ধ আছে সকল প্রকার যানচলাচল।
হরতালের কারণে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে দশটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে ভূমি কমিশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় যোগ দেয়ার জন্য কমিশনের ৯ সদস্য এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী রাঙামাটিতে উপস্থিত হয়েছেন।
রাঙমাটি কোতয়ালি থানা অফিসার ইন চার্জ মুহাম্মদ রশীদ জানান, হরতালের সার্বিক পরিস্থিতি ভাল। কোথায় কোন সমস্যা নেই। আইন শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী শহরে মোতায়ন আছে।
