টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

0

সিটিনিউজবিডি : ঈদ ফেরত যাত্রার মধ‌্যে টাঙ্গাইলে মহাসড়কে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

শনিবার সকালে মির্জাপুর ইচাইল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় দুটি দুর্ঘটনায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

এর মধ্যে ইচাইলে দুর্ঘটনায় এক শিশু, দুই নারী ও দুই পুরুষ প্রাণ হারিয়েছেন। আনালিয়া বাড়িতে নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী।

মির্জাপুরে নিহতদের মধ‌্যে ছালমা আক্তার (২৫) নামে একজনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত অন্তত ১৭ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, সকাল ৭টার দিকে ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২০ জন।

আহতদের কুমুদিনী হাসপাতাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন বলে মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ জানিয়েছেন।

এদিকে মির্জাপুরের ঘটনার দুই ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে এলেঙ্গা থেকে মোটর সাইকেলে করে আনালিয়া বাড়ি এলাকায় যাওয়ার পথে বিপরীতমুখী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটর সাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত হন তার সঙ্গী। হাসপাতালে নেওয়ার পর অন‌্যজনেরও মৃত‌্যু ঘটে বলে পুলিশ জানায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.