অনলাইন ডেক্স : মোহাম্মদ আজহার উদ্দিনের বিষয়ে নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অবশেষে কানপুরে অনুষ্ঠিতব্য ভারতের ৫০০তম টেস্টে দেশের জীবিত সব সাবেক অধিনায়কের সঙ্গে নিমন্ত্রণ পাচ্ছেন আজহার উদ্দিনও।
এর আগে ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে নির্বাসিত আজহারকে আমন্ত্রণ জানানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড কর্তৃপক্ষ।
তবে শুক্রবার উত্তরপ্রদেশে ক্রিকেট সংস্থার প্রধান রাজীব শুক্লা বলেছেন, ‘আজহারও ভারতের সাবেক অধিনায়ক। তাই তাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।’
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ভারতের ৫০০তম টেস্ট হতে চলেছে। এ বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চাইছে বিসিসিআই। সাবেক অধিনায়কদের মধ্যে শচীন টেন্ডুলকার, দিলীপ ভেঙ্গসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং আজহার কানপুরে হাজির থাকার বিষয়টি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন শুক্লা। ওয়েবসাইট।
