ভারত ও শ্রীলঙ্কার পথে নৌবাহিনীর দুটি জাহাজ

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ যুদ্ধ প্রশিক্ষণ সফরে ভারত ও শ্রীলঙ্কায় গেছে।

‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র জয়’ নামের দুটি যুদ্ধ জাহাজে নৌবাহিনীর ৫১১ জন সদস্য রয়েছে। দুই দেশে এই জাহাজ দুটি ২২ দিন অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফিরবে।

রোববার দুপুর ১২টার দিকে জাহাজ দুটি ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।

প্রশিক্ষণ সফরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে বিদায় জানানো হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে। আগামী ৯ অক্টোবরে ২২ দিনব্যাপী সফর শেষে জাহাজ দুটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

প্রশিক্ষণ সফরে নৌবাহিনীর ৩৩ জন কর্মকর্তা, ২৮ জন প্রশিক্ষণার্থী (দুই জন নারী) ৯৭ জন ক্যাডেট (২২ জন নারী), ৩৪৪ জন নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ জন কর্মকর্তাসহ মোট ৫১১ জনকে নিয়ে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজ দুটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুটি প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার বিরাজমান সু-সম্পর্ক আরো উন্নত হবে।

এ ছাড়া এই সফরের মাধ্যমে দুটি দেশের সঙ্গে পারস্পারিক বন্ধুত্বপূর্ণ এবং নৌ-নিরাপত্তাবিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়াসহ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়ন হবে।

জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর ত্যাগকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব এবং সহকারী নৌ প্রধান (পার্সোনাল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ স্থানীয় নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.