সিটিনিউজবিডি : বগুড়ার শেরপুরে বাস ও অ্যাংগেলবাহী লরির সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন- রংপুর সদরের পীরপুর আলমনগর এলাকার মৃত শমসের আলী মেয়ে মোছা. মোহনা (১৫) ও রংপুর সদরের রেজাউল ইসলামের স্ত্রী রওশন আরা (২৭)।
সোমবার রাত সোয়া ২টার দিকে উপজেলার মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশংকাজনক।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরফান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অ্যাংগেলবাহি ১৪ চাকা লরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া আহত হন ২৭ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ওসি জানান, লাশ দুটি শেরপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
