মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, জেলা আনসার বাহিনীর উপ-পরিচালক এম এ আওয়াল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়, সহ-সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম, কার্য নির্বাহী পরিষদের সদস্য আব্দুল করিম লালু বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ মোস্তফা কামাল।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে যা অন্য জেলায় খুবই কম লক্ষ্য করা যায়। রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি কালচার ও ঐতিহ্য। একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি শ্রদ্ধা। তাদের সৌহার্দ্য, সম্প্রীতিকে অক্ষুন্ন রাখতে সবাইকে সমন্বয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন আইন শৃংখলা বাহিনীর সর্বাত্বক সহযোগিতায় সবসময় এ জেলায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছে সকলের সহযোগিতায়। আগামীতেও যেন এ সহযোগিতা অব্যাহৃত থাকে। এ জেলার সামগ্রীক উন্নয়নে কাজ করতে হলে সকলের সমন্বয় প্রয়োজন। সমন্বয় রেখে সকলে কাজ করলে এ জেলা অনেক দূর এগিয়ে যাবে।
তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ও এ জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবসময় কাজ করে গেছি। কারণ সুস্থ দেহ সুস্থ মন, দেহ যদি সুস্থ না থাকে মন কখনো সুস্থ থাকেনা। তাই ক্রীড়ার কোন বিকল্প নেই। জেলা ক্রীড়া সংস্থাকে বেশী বেশী খেলাধুলার আয়োজন করারও আহ্বান জানান তিনি।
বিদায় সংবর্ধনা প্রদান শেষে স্থানীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প (ইয়ুথ) এবং এনসিটিএফ এর পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধিত অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। আরো উপস্থিত ছিলেন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প’র পরিচালক মোঃ সাইফুল উদ্দীন, পরিচালক (সার্বিক) ইকবাল হোসেন, পরিচালক (নিয়ন্ত্রক) ফজরুল ইসলাম, কার্যনিবার্হী কমিটির সহ-সভাপতি পিংকি মজুমদার, সদস্য রুবি আক্তার, সাঈম উদ্দিন, সাদেক, এরশাদ প্রমূখ। অন্য দিকে এনসিটিএফ’র পক্ষে সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন এনসিটিএফ রাঙামাটি জেলার সভাপতি ছালেহ আহম্মেদ, শিশু সাংবাদিক সিফা আক্তার, জেলা ভলেটিয়ার যজন্ত্রী ত্রিপুরা এবং সদস্য শুভ্রত চৌধুরী।
সংবর্ধনা কালে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, সামাজিক,সাংস্কৃতিক যুব সংগঠনগুলো সমাজ ও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। এই সংগঠনের দ্বারা তরুণ সমাজ সঠিক পথের অনুসারি হতে পারে। তাদের মধ্যে নেতৃত্ব এবং মানব কল্যাণময় কাজ করার ইচ্ছা জাগে। তাই তিনি সকল তরুণ প্রজম্মকে সংগঠনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে এবং দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান করেন।
উল্লেখ্য, রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।

