কক্সবাজার-টেকনাফ সড়কে বেপরোয়া গাড়ি চলাচল

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : সড়ক ও মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে যানবাহনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের যানবাহন মালিক শ্রমিকের প্রতি নির্দেশ প্রদান করলেও কক্সবাজার-টেকনাফ সড়কে তা মানা হচ্ছে না। বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা। ফলে এতদাঞ্চলের অসংখ্য যাত্রী সাধারণ আতংকের মধ্য দিয়ে যাতায়ত করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, লিংক রোড থেকে টেকনাফ পর্যন্ত ৭৯ কিলোমিটার ওয়ান ওয়ে সড়কের ভারসাম্য রক্ষার জন্য যানবাহনের সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বাধ্যবাধকতা থাকলেও যানবাহন চালকেরা তা মানছেনা। বিশেষ করে টেকনাফ থেকে ছেড়ে আসা মাইক্রো ও স্পেশাল সার্ভিসের গাড়িগুলো নিয়ন্ত্রণের বাইরে যাওয়া আসা করার ফলে এক দিকে যেমন সড়কের গুণগতমান নষ্ট হচ্ছে অন্যদিকে সড়ক দূর্ঘটনায় অকাল প্রাণ হারাচ্ছে অসংখ্য যাত্রী সাধারণ।
একাধিক যাত্রী, পথচারী ও স্কুল, কলেজ-মাদ্রাসাগামী যাত্রী সাধারণের সাথে কথা বলে জানা যায়, একদশক আগেও এ সড়কে যানবাহনের এত ভিড় ছিল না। ছিল না কোন বেপরোয়া গতি। সাম্প্রতিক সময়ে যানবাহন নামধারী টমটমগাড়ী গুলো বেপরোয়া চলাচলের কারণে যাত্রী ও পথচারীদের মূল্যবান জীবন অরক্ষিত হয়ে পড়েছে। কোন প্রকার বৈধতা ছাড়া এসব টমটমগুলো কিসের জোরে ব্যস্ততম সড়কে নিয়মিত এলোপাতাড়ি চলাচল করছে তা নিয়ে জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে।
কোটবাজার ট্রাক-মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান এ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, লাখ, দেড় লাখ টাকায় একটি টমটম কিনে সাধারণ কেটে খাওয়া মানুষ যখন চালক বনে যায় তখন তার খেয়াল খুশিমত টমটম চালানোর ফলে সড়কে অহরহ দূর্ঘটনা ঘটছে। গত ঈদুল আযহা থেকে এ পর্যন্ত যেসব দূর্ঘটনা ঘটেছে তৎমধ্যে অধিকাংশ টমটমের কারণে হয়েছে বলে যাত্রী সাধারণের দাবী।
হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক এম এ কাশেম জানান, কক্সবাজার টেকনাফ সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়কে অপ্রতুল ট্রাফিক ব্যবস্থাকে সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ দাবী করে তিনি আরো বলেন, সড়কের উপর অবৈধ হাটবাজার, যত্রতত্র গাড়ি পার্কিং এলোমেলো যাত্রী উঠানামা প্রতিরোধ করে দূর্ঘটনা কমাতে হলে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো আন্তরিক হতে হবে।
এব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, সড়কে চলাচলরত অবৈধ যানবাহন আটক করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তথাপি, বেপরোয়া যানবাহন চলাচলের উপর অতিশীঘ্রই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.