জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় যাত্রীবাহি একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৫০ যাত্রীকে উদ্ধার করা গেলেও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের আকবর বলি ঘাটে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, চট্টগ্রাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে একটি ট্রলার কুতুবদিয়ায় আসে। উত্তর ধুরুংয়ের একটি ঘাটে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আকবর বলি ঘাটে যাওয়ার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্যমতে ট্রলারে আর কোন যাত্রী নেই। এদিকে ট্রলারটি ডুবে থাকায় আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ট্রলারটির উদ্ধার কাজ চলছে।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং সাংবাদিকদের জানান, স্থানীয়দের সহায়তায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন ট্রলারটির উদ্ধার কাজ চলছে।
স্থানীয়রা জানান, ট্রলারটির মালিক উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালু।
