সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বারইপাড়া এলাকা থেকে বিধান কৃঞ্চ ঘোষ (২৫) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
আটক বিধান কৃঞ্চ ঘোষ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কেরামতলী এলাকার বিভীষণ ঘোষের ছেলে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির।
ওসি বলেন, বিধান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। মহেশখালীর জঙ্গলে কারখানায় বানানো অস্ত্র বিধান নগরীতে এনে অপরাধীদের কাছে বিক্রি করে। শুক্রবার রাতে বিধান বারইপাড়া এলাকার ওমর আলী মাতব্বর রোডে হাজী শাহর মাজারের সামনে অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে এমন খবর পেয়ে অভিযান চালালে এসময় পুলিশ দেখে বিধান পালিয়ে যাবার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় বিধানের কাছে একটি দেশিয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
এ বিভাগের আরও খবর
